সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পুলিশ বাস বা ট্রাক আটক করে, কিন্তু বাস বা ট্রাকের চালককে আটক করতে পারে না। কারন বাস বা ট্রাকের চালকের নির্দিষ্ট কোনো পোশাক না থাকায় তারা দ্রুত গাঢাকা দিতে পারে। যখন সিএনজি ও ট্যাক্সিক্যাবের যাত্রীরা ছিনতাইয়ে শিকার হচ্ছিল, তখন সিএনজি ও ট্যাক্সিক্যাবের চালকদের জন্য নির্দিষ্ট রঙের পোশাক ঠিক করে দেওয়া হয়। এর ফলে ছিনতাই কমে যায়। সড়ক দুর্ঘটনার পর বা বাসের কোনো সমস্যা হলে অনেকক্ষেত্রে বাসের চালক ও হেলপার টাকা নিয়ে উধাও হয়ে যায়। ফলে বাসের যাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না। ভাড়া ফেরত পেতে বা কোনো সহযোগিতার জন্য গণপরিবহনের হেলপার ও চালকদের খুঁজে পাওয়া যায় না। তাই সমস্ত গণপরিবহনের চালক এবং হেলপারের জন্য বাসের নাম ও বাসের রেজিস্ট্র্রেশন সম্বলিত পোশাকের ব্যবস্থা করা উচিত। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. সোয়েব মেজবাহউদ্দিন
মোহাম্মদপুর, ঢাকা
