রাজশাহীতে বাস থেকে পরিবহন শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:৫০

রাজশাহী মহানগরীর বারোরাস্তার মোড় এলাকার একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে পরিবহন শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহ মখদুম থানাপুলিশ তার লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহত যুবকের নাম মণি (২২)। তিনি নগরীর হাজরাপুকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজশাহী-ঢাকাগামী আরপি চ্যালেঞ্জার নামের পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। তার লাশ বারোরাস্তার মোড়ে অবস্থিত লালুর গ্যারেজে রাখা আরপি পরিবহনের ঐ বাস থেকেই উদ্ধার করা হয়। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা আমরা এখনো জানতে পারিনি।