মেজর সিনহা নিহতের ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় দুটি জব্দ তালিকা তৈরি এবং একটির সঙ্গে অপরটির মিল না থাকার বিষয়ে আদালতের কাছে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোছাইনের আদালতে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী বাপ্পী শর্মা এ তথ্য জানান। আদালত সূত্র জানায়, সিনহা হত্যার পর নীলিমা রিসোর্ট থেকে তাদের ২৯টি সামগ্রী জব্দ করে রামু থানা পুলিশ। কিন্তু এই ঘটনায় তারা জব্দ তালিকা তৈরি করে দুটি। দুটির মধ্যেই অমিল ছিল। তাই তার ব্যাখ্যা জানতে আদালত রামু থানার ওসি আবুল খায়েরকে তলব করেন। এর অংশ হিসেবে গতকাল আদালতে উপস্থিত হয়ে নিজের ভুল স্বীকার করেন তিনি। একই সঙ্গে লিখিত শোকজের জবাবও জমা দিয়েছেন ওসি।
