চাটমোহরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:৫৯

উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক মত্স্যজীবীর বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত সুধীর চন্দ্র সরকারের ছেলে সুশীল চন্দ্র সরকার চাটমোহর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে গতকাল সকালে চাটমোহর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিএমআইর অধ্যক্ষ আ. রহিম কালুর নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুশীলের বাড়িতে হামলা ও ভাঙচুর করে।

সুশীল চন্দ্র সরকার অভিযোগ করেন, অধ্যক্ষ আব্দুর রহিম কালু তার বাড়ির সংলগ্ন জমি তার কাছে বিক্রির জন্য ২ লাখ টাকা বায়না নেন। ২৫ আগস্ট জমি রেজিস্ট্রি করার দিন ধার্য করা হয়। কিন্তু তিনি জমি রেজিস্ট্রি করে না দিয়ে নানা তালবাহানা শুরু করেন।

এ ব্যাপারে বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু জানান, বাড়ি ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ২ লাখ টাকা বয়না নিয়েছিলাম। কিন্তু অন্য ওয়ারিশগণ জমি বিক্রি করবে না। আমি সুশীলদার সঙ্গে বারবার বসার জন্য চেষ্টা করেছি। চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এটা জমিসংক্রান্ত বিরোধ। উভয় পক্ষ বসলেই সমাধান হয়ে যাবে।