সাঁতরে নদী পার হতে গিয়ে ডুবে মরল ‘চোর’

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:৫৯

সাঁতার কেটে পার হতে গিয়ে বাঁকখালী নদীতে তলিয়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে কক্সবাজার সদর ও রামু উপজেলার সীমান্তবর্তী চাকমারকুল ও ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া উমখালী-নয়াপাড়ার পুরানো ঘাট এলাকায় ঐ যুবক নিখোঁজ হন। পরে বেলা ১১টার দিকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছলিম উল্লাহ (৩৬) কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়া গ্রামের মৃত ছৈয়দ আহাম্মদের ছেলে। নদীতে তার তলিয়ে যাওয়ার খবর পেয়ে রামু উপজেলার ফায়ার সার্ভিসের সাত সদস্যের ডুবুরি দল উদ্ধার তত্পরতা চালায় বলে জানিয়েছেন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল হক।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোরে ছলিম উমখালীর ওপার থেকে নিজ গ্রামে ফিরতে বাঁকখালী নদীতে সাঁতার দেয়। সাঁতার কেটে নদীর মাঝ বরাবর আসার পর ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে। এ সময় তাকে বাঁচাতে অনুরোধ জানিয়ে চিত্কার করে। লোকজন বের হয়ে পরিস্থিতি বুঝার আগেই নদীতে তলিয়ে নিখোঁজ হন তিনি। পরে খবর পেয়ে রামু উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বলেন, নদী তীরের প্রায় সবাই ভালো সাঁতার জানে। কারণে-অকারণে তারা সাঁতরিয়ে নদী পার হয়। নিখোঁজ যুবকও ভালো সাঁতার জানা। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে নদীতে তার তলিয়ে যাওয়া সবাইকে হতবাক করেছে।