যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর খুন ও ১৫ জন আহতের ঘটনায় শ্যোন অ্যারেস্ট আট কিশোর বন্দিকে চার দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ টি এম মুসা শুনানি শেষে আসামিদের শিশু উন্নয়ন কেন্দ্রের আলাদা কক্ষে তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
গত ২০ আগস্ট ঐ আট আসামির পুলিশ হেফাজতে সাত দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান। আদালত আবেদনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক আট কিশোর বন্দিকে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতর আলাদা কক্ষে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। কিশোর বন্দিরা হলো গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসেন ও মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসেন ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল ওরফে পলান, কুড়িগ্রামের রিফাত আহমেদ ও চুয়াডাঙ্গার আনিছুজ্জামান। গত ১৬ ও ১৭ আগস্ট আদালতের নির্দেশে ঐ আট কিশোরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে অমানুষিক মারপিটে তিন কিশোর নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
