১১ মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক ফরিদুল

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২২:১৩

টেকনাফ থানার সাবেক ওসি বহিষ্কৃত প্রদীপ কুমার দাশের দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ ১১ মাস পাঁচ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্ত হন। এসময় তার স্ত্রী হাসিনা আকতার, বোন ফাতেমা আকতার বেবি, সালমা আকতার, মেয়ে সোমাইয়া মোস্তফা, ছেলে শাহেদ মোস্তফা, সাজেদুল মোস্তফাসহ স্বজনরা কারাফটক থেকে তাকে বরণ করে নেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে টেকনাফ থানায় দায়েরকৃত এসটি ২৮১/২০২০, জিআর-৫৭৭/২০১৯ মামলার শুনানি শেষে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত ফরিদকে জামিন দেন যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান।

ঢাকার বাসা থেকে ধরে এনে সাজানো অস্ত্র, বিদেশি মদ ও ইয়াবার মামলা থেকে বুধবার জামিন দেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। মেজর (অব.) সিনহার হত্যা মামলার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ সর্বশেষ তিনটি মামলায় তাকে আসামি বানিয়েছিলেন। এর আগে গত ১ মার্চ বিদেশি মদ উদ্ধার মামলায় জামিন প্রদান করেন একই আদালত। এ নিয়ে ফরিদুল মোস্তফার বিরুদ্ধে দায়েরকৃত ছয়টি মামলারই জামিন হয়েছে।