মার্চ থেকে দুই দফায় চার মাসের জন্য তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে সামান্য সুদে মালিকদের টাকা দেওয়া হয়েছিল। এবার ফের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বেতন পরিশোধের জন্য সরকারের কাছে টাকা চেয়েছে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে উভয় সংগঠনের পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, আগামী মাসগুলোতে পোশাক রপ্তানি কমে যাবে বলে আশঙ্কা করছেন তারা। এর পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে এই সহযোগিতা চাওয়া হয়েছে।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম ইত্তেফাককে বলেন, আমরা আশঙ্কা করছি আগামী মাসগুলোতে রপ্তানি কমে যাবে। ফলে শ্রমিকের বেতন দেওয়া কঠিন হবে। পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কাছ থেকে সহজ শর্তে ঋণ দেওয়া হলে কারখানাগুলো টিকে থাকতে পারবে। বিশ্বের অন্যান্য দেশেও করোনার এই কঠিন পরিস্থিতিতে স্থানীয় শিল্পকে টিকিয়ে রাখতে সহযোগিতা দেওয়া হচ্ছে।
অবশ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, গত জুন থেকে পোশাক রপ্তানি বাড়তির দিকে। চলতি মাসেও পোশাক রপ্তানি বাড়বে বলে আশার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।
