ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের এমডি (ব্যবস্থাপনা পরিচালক) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের ব্যাংক হিসাব স্থগিতের (ফ্রিজ) জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একটি দৈনিকের প্রতিবেদনে ইভ্যালির মাধ্যমে মানি লন্ডারিং হওয়ার আশঙ্কার কথা প্রকাশ পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের নামে পরিচালিত সব হিসাবের লেনদেন আগামী ৩০ দিন স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হলো। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(গ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। লেনদেন স্থগিতাদেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(২) ধারার বিধান প্রযোজ্য হবে।
এছাড়া, বর্ণিত প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নামে পরিচালিত হিসাব খোলার ফরম, কেওয়াইসি, হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন এবং ঐ হিসাবসমূহে ৫০ লাখ বা তার বেশি টাকা জমা বা উত্তোলন সংশ্লিষ্ট তথ্য বা দলিলপত্র ইস্যুর তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে জানাতে হবে বলে চিঠিতে বলা হয়েছে। বিএফআইইউর চিঠিতে ইভ্যালির চেয়ারম্যান ও এমডির স্মার্ট কার্ডের এবং পুরোনো এনআইডি কার্ডের উল্লেখ করা হয়েছে।
