শোকাতুর স্বজনদের অচেতন করে মালামাল নিয়ে পাললো গৃহকর্মী

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০০:২৬

এক নারীর মৃত্যু সংবাদ শুনে বাসায় ভিড় জমায় আত্মীয়স্বজনরা। অধিকাংশ স্বজন চলে গেলেও কয়েক জন থেকে যান। থেকে যাওয়া এই স্বজনদের অচেতন করে বাসা থেকে টাকাপয়সা, স্বর্ণালঙ্কারসহ অনেক কিছু লুট করে নিয়ে গেছে গৃহকর্মী। গত বুধবার রাতে রাজধানীর সবুজবাগের ৯/১ বি, দক্ষিণ রাজারবাগের বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অচেতন অবস্থায় ছয় জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—পারুল আক্তার, সেলিনা, জাহানারা বেগম, আবির, রুমানা ও নাফিজ।

ভুক্তভোগীদের স্বজন ইসমাইল হাসান জানান, রাজধানীর একটি হাসপাতালে পারুলের মা সুরাইয়া বেগমের অপারেশনের পর ২০ আগস্ট তাকে বাসায় নেওয়া হয়। তাকে দেখাশোনার জন্য লিমা (৩৫) নামে এক গৃহকর্মী রাখা হয়। গত সোমবার দুপুরে মারা যান সুরাইয়া বেগম। মৃত্যু সংবাদ শুনে স্বজনরা বাসায় আসেন। অধিকাংশ স্বজন চলে গেলেও কয়েকজন বাসায় ছিলেন। বুধবার রাতে গৃহকর্মী লিমা তার বোনসহ আরো এক নারীকে বাসায় আনে। লিমার বোন ও ঐ নারী চলে যাওয়ার পর বাসার সবাইকে রাতের খাবার দেয় লিমা। এ খাবার খেয়েই সবাই অচেতন হয়ে পড়েন। এ ফাঁকে লিমা বাসা থেকে টাকাপয়সা, স্বর্ণালংকারসহ অনেক কিছু নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে। পরে ঢামেক হাসপাতালে পাকস্থলী পরিষ্কার করার পর মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ছয় জনেরই শারীরিক অবস্থা ভালোর দিকে। সবুজবাগ থানার ওসি মাহবুব আলম জানান, পরিবারের সবাই হাসপাতালে রয়েছেন। তাই বাসা থেকে কী কী নিয়েছে তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।