কর্তৃপক্ষের আচরণের কারণেই মানুষ এখন টেস্ট করতে যায় না ------------------ মেনন

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০০:২৭

ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা যখন বারবার করোনা টেস্টের কথা বলছে তখন আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষের কেন অনীহা তা বোধগম্য নয়। তাদের আচরণের কারণেই মানুষ এখন টেস্ট করতে যায় না। যারা কোভিড-১৯ নিয়ে ব্যবসা করে তারা মানুষের নাম পদবাচ্য নয়। গতকাল বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা কমিটির সঙ্গে ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, স্বাস্থ্য কর্তৃপক্ষের দায়িত্বহীন বক্তব্যের কারণেই মানুষ স্বাস্থ্যবিধি মানতে অনুত্সাহিত হচ্ছে। মন্ত্রী যখন বলেন ভ্যাকসিন আসার আগেই বাংলাদেশ থেকে করোনা চলে যাবে তখন মানুষ আর স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা বোধ করে না। টেকনিক্যাল কমিটি, বিশেষজ্ঞ কমিটি যেখানে র্যাপিড টেস্ট করতে বলে তখন সেটা না করা, কার স্বার্থে সেটা কেউ বুঝতে পারছে না। ভারত-পাকিস্তান যখন তাদের দেশে ভ্যাকসিন ট্রায়াল করছে তখন আমরা কেন পিছিয়ে থাকলাম সেটিরও ব্যাখ্যা নেই। মানুষকে তাই নিজেই নিজের, পরিবারের ও প্রতিবেশিদের সুরক্ষার দায়িত্ব নিজের ওপর তুলে নিতে হবে। তাহলে যদি কিছু রক্ষা পাওয়া যায়।

গাজীপুর জেলা কমিটির সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে সভায় পার্টির পলিটব্যুরো সদস্য আলী আহম্মদ এনামুল হক এমরানও যুক্ত হন। আরো অংশ নেন জেলা কমিটির সদস্য মামুন হায়দার, নাসরিন খুশী, শাওন, নজমুল, আলী আসগর প্রমুখ।