করদাতাদের আহত না করেই কর আহরণ বৃদ্ধির চেষ্টা থাকবে : অর্থমন্ত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০২:২১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কর হার কমালে যদি বেশি রাজস্ব আহরণ হয় আমি সেই কাজটি করবো। খুব দ্রুত কর সংশ্লিষ্টদের নিয়ে বসবো। যারা কর দিবেন তাদের ক্ষতি বা আহত না করে কীভাবে কর আহরণ বাড়ানো যায় সেই চেষ্টা করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন নতুন অর্থমন্ত্রী।

অর্থনীতি নিয়ে নিজস্ব ভাবনা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ আজ যে অবস্থানে এসেছে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অবদান। এর পাশাপাশি সদ্য বিদায়ী অর্থমন্ত্রী নিরলস ভাবে কাজ করে গেছেন। তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা। কারণ উনি এই বয়সেও অনেক পরিশ্রম করতেন, অর্থনীতি নিয়ে চিন্তা করতেন। তিনি বলেন, আমি সবসময় আশাবাদী এবং স্বপ্ন দেখতে ভালোবাসি। মানুষকে আস্থার জায়গায় নিয়ে যেতে হবে। আমরা অবকাঠামো করি, রাস্তাঘাট, রেল, ব্রিজ করি। এগুলো দেখা যায়। আরো একটি অবকাঠামো রয়েছে মানুষের আস্থা, যা দেখা যায় না। আমরা এখন অর্থনৈতিক ভাবে অনেক শক্তিশালী। এর পরেও একটি জায়গায় বিতর্ক রয়েছে সেটি হলো ব্যাংকিং খাত। তবে এই খাতের অবস্থা যতটা খারাপ বলা হয় ততটা খারাপ নয়। কিছুটা হয়তো ব্যত্যয় থাকতে পারে। এখন আমাদের সংস্কার করতে হবে। ব্যাংক খাতের পুরনো আইনগুলোকেও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ ঝিমিয়ে পড়েছে সংস্কৃতি অঙ্গন

নতুন অর্থমন্ত্রী হিসেবে বাজেট ভাবনা জানতে চাইলে তিনি বলেন, বাজেটে শুধু আয়-ব্যয়ের চিত্র থাকবে না। আমরা আগামী ৫ বছরে কী করতে চাই যে বিষয়ে দিক নির্দেশনা থাকবে। সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে বাজেট প্রণয়ন করা হবে। রাজস্ব আদায়ের বিষয়ে তিনি বলেন, জিডিপির তুলনায় কর আদায় আমাদের অনেক কম। যাদের দেওয়া উচিত তাদের সবাইকে করের আওতায় নিয়ে আসা হবে। বাজেটে কৃষি, শিল্প ও সেবা খাতকে আলাদা আলাদা গুরুত্ব দেওয়া হবে।

ইত্তেফাক/নূহু