সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৪৬

সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে গাজীপুরে হিন্দু মহাজোটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেজর সিনহা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে—এমন অভিযোগ এনে এর প্রতিবাদে শুক্রবার সকালে মানববন্ধন করে গাজীপুর জেলা, মহানগর ও উপজেলা হিন্দু মহাজোট।

হিন্দু মহাজোটের গাজীপুর মহানগর সভাপতি মানিক চন্দ্র দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর মহাজোটের প্রধান সমন্বয়কারী স্বপন মল্লিক, সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়, নির্বাহী সভাপতি দিপক কর, কালীগঞ্জ উপজেলা সভাপতি সমরঞ্জন দাস, সাধারণ সম্পাদক সুদেপ দাস, শ্রীপুর থানা সভাপতি সরূপ বর্মণ, সুদর্শন বাসকো, অলকেষ বর্মণ, দেবদুলাল দাস, উত্তম ঘোষ, পলাশ চন্দ্র ধর, তুষার কান্তি সরকার, রনজিত্ ধর প্রমুখ। এছাড়াও মানববন্ধনে গাজীপুর জেলা, মহানগর এবং উপজেলার হিন্দু মহাজোটের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা মানববন্ধনে বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উসকানিমূলক কথা বলছে তাদের চক্রান্ত কোনোভাবে সফল হতে দেওয়া হবে না। অপরাধ বা পাপ যে করবে, তার জন্য সে শাস্তি পাবে। পাপিরা যে দল বা গোষ্ঠী, ধর্মের হোক না কেন, তারা দেশের জন্য ক্ষতিকর। যারা উসকানির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।