সাড়ে ২৬ হাজার পিস ইয়াবাসহ ছয় জন গ্রেফতার

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৪৯

রাজধানীর যাত্রাবাড়ী ও মতিঝিল থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ২৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয় জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে গতকাল ভোরে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন জন এবং বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঐ ছয় জন হলো মো. সেলিম, মো. দিলু ওরফে বাডু, মোহাম্মদ আলী, জেসমিন আক্তার সালমা, মো. দিদার ও লাবনী আক্তার রোশনী।

ডিএমপির গোয়েন্দা (লালবাগ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে মতিঝিল থানার ফকিরাপুল এলাকা হতে একটি বেবি কেয়ার ও দুটি বায়োমিল দুধের কৌটায় বিশেষ পদ্ধতিতে রক্ষিত ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম, মো. দিলু ওরফে বাডু ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মতিঝিল থানায় মামলা হয়েছে।

অন্যদিকে ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, যাত্রাবাড়ী থানার শনির আখড়া মেসার্স রানা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের বিপরীত পার্শ্বে শেরেবাংলা আইডিয়াল স্কুল অ্যান্ড বিএম কলেজের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে—উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম অভিযান পরিচালনা করে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে।