এখনো নিশ্চুপ মেসি

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫৪

বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত ক্লাবকে জানানোর পর থেকেই লিওনেল মেসি মুখে কুলুপ এঁটে বসেছেন। এমনকি ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ যে বলেছেন মেসি চাইলে সরে যাবেন, এর পরও কিছু জানাননি আর্জেন্টাইন তারকা।

অথচ তার ক্লাব ছাড়তে চাওয়ার সিদ্ধান্ত বার্সেলোনাকে জানানোর পর থেকে বেশ ব্যস্ত সময় কাটছে গণমাধ্যমের। চাপে আছেন বার্তোমিউ নিজেও। এ জন্যই বলেছেন, মেসি থাকার জন্যে যদি তার নিজের পদত্যাগ করতে হয় তাতেও রাজি তিনি।

খবর বেরিয়েছিল চলমান পরিস্থিতি নিয়ে মেসি কথা বলবেন ‘অচিরেই’। স্প্যানিশ সংবাদমাধ্যম টিভি থ্রি আর মার্কার এমন প্রতিবেদনের পর ধারণা করা হচ্ছিল, গত বৃহস্পতিবার রাতেই হয়তো মুখ খুলবেন তিনি। কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো কথাই বলেননি মেসি।

বার্সা সভাপতির পদত্যাগেও যে পরিস্থিতি খুব একটা বদলাবে বলে মনে হচ্ছে না। তিনি চলে গেলে বর্তমান বোর্ডের কেউ পূর্ণ করবেন শূন্যস্থানটা। তাতে বার্তোমিউর চলমান ‘ক্রীড়া-প্রকল্প’ চলবে অন্তত আগামী মার্চ নাগাদ, তাতে শিগিগরই ভোজবাজির মতো বদলে যাওয়া পরিস্থিতি সৃষ্টি হবে না বার্সায়। এ কারণেই হয়তো তার পদত্যাগও মেসির বার্সা ছাড়াকে রুখতে পারবে না আদৌ। মেসির কাছাকাছি সূত্র আলফ্রেদো মার্তিনেজও জানাচ্ছেন তেমন কিছুই, সভাপতির পদত্যাগেও পরিবর্তন আসবে না মেসির সিদ্ধান্তে।

এদিকে আর্জেন্টাইন তারকার দল ছাড়লে গন্তব্য হতে পারে ম্যানসিটি। মেসির অন্যতম কাছের স্প্যানিশ সাংবাদিক ক্রিস্তোবাল সোরিয়া এল চিরিক্সগুইতোকে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ইতিমধ্যে গার্দিওলার সঙ্গে কথাও হয়েছে মেসির। আর্জেন্টাইন তারকার একটাই চাওয়া, পরের দুটো ব্যালন ডি’অর। তিনি বলেন, ‘ফোনালাপে মেসি পেপকে বলেছেন, আমি পরের দুটো ব্যালন ডি’অর জিততে চাই। আর এটা কেবল আপনার সঙ্গেই জিততে পারব। এই ঘাতক বাক্যাংশটাই মেসি ব্যবহার করেছেন।’

সবকিছু মিলিয়ে মেসির বার্সা ছাড়ার সম্ভাবনা প্রবল। এখন অপেক্ষা কেবল চূড়ান্ত ঘোষণার।

এদিকে ‘ক্লাবে চলমান অব্যবস্থাপনার’ কারণে বার্সেলোনা সভাপতির বিরুদ্ধে জর্দি ফেরের অনাস্থা ভোটের সমর্থন জোরদার হচ্ছে ক্রমেই। আগাম নির্বাচনের দাবিতে অন্য সভাপতি পদপ্রার্থী লুইজ ফের্নান্দেজ আর ভিক্টর ফন্টরা অনাস্থা ভোটের কথা ভাবলেও এখন শোনা যাচ্ছে ভাবি প্রতিদ্বন্দ্বী জর্দিকেই সমর্থন জোগাবেন তারা। এদিকে বার্সেলোনার আজীবন সদস্যদের আটটি ভিন্ন দল থেকেও সমর্থন পাচ্ছেন জর্দি, গুঞ্জন স্প্যানিশ সংবাদমাধ্যমে।