আগামী বছর ২১-৩০ জানুয়ারি অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করবে বাংলাদেশ। যাদের বয়স ২১ বছর তারাই সেখানে খেলতে পারবে। এশিয়ান হকি ফেডারেশন জানিয়েছিল ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত যাদের ২১ বছর থাকবে।
বাংলাদেশ হকি ফেডারেশন খেলোয়াড়দের বয়স সঠিক আছে কি না, সেটা দেখতে পাসপোর্ট যাচাই করে দেখে একাধিক খেলোয়াড়ের বয়স ক্ষাণিকটা পেরিয়ে গেছে এমন ৯ জন আছেন। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ফজলে রাব্বী, আশরাফুল আলম, রাকিন, মৃদুল, তপু, মাহাবুব হোসেন, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ ও আশরাফুল ইসলামদের বয়সটা একটুখানি বেড়ে যাচ্ছে। কারো বয়স ১২ দিন, ১৫ দিন, এক মাস বা দুই মাস বেড়ে গেছে। এশিয়ান হকি ফেডারেশন এখনো কিছু বলেনি। খেলাটা যখন হওয়ার কথা ছিল তখন এই খেলোয়াড়দের পাসপোর্টের বয়স সঠিকই ছিল। এশিয়ান হকি ফেডারেশন যেভাবে বলেছিল সেভাবেই ঠিক ছিল। কিন্তু করোনার কারণে খেলা হয়নি। না হওয়াতে বয়স তো বসে থাকেনি।’ এই সাধারণ সম্পাদক বললেন, ‘আমরা এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে কথা বলব। শুধু আমাদের বয়সই তো বাড়েনি।
আমাদের প্রতিপক্ষ আরো যেসব দেশ আছে তাদের খেলোয়াড়দের বয়সও বেড়েছে।’ তিনি যোগ করেন কারোনার কারণে টোকিও অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে গেলেও সেখানে বয়স ভিত্তিক যেসব খেলা রয়েছে যেসব খেলোয়াড়দের বয়সও বেড়েছে। কিন্তু তারাও ২০২১ সালে খেলবে। ইউসুফ বললেন, ‘টোকিও অলিম্পিক গেমসের কথা শুনে লাভ নেই। খেলোয়াড়দের বয়সের বিষয়টা আমরা এশিয়ান হকি ফেডারেশনের কাছে জানতে চাইব। জানুয়ারিতে না হয়ে ডিসেম্বরে খেলা হলে সমস্যা হতো না।’
