ইউনাইটেড-স্মৃতি এখনো অটুট রোনালদোর

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫৭

ক্রিশ্চিয়ানো রোনালদোর গুল্ম থেকে মহীরুহ হয়ে ওঠার মঞ্চ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সে ইউনাইটেডকে এত সহজে ভোলেন কি করে পর্তুিগজ তারকা? তারই পর্তুগাল সতীর্থ ও ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ জানালেন, রোনালদো এখনো রেড ডেভিলদের খোঁজখবর রাখেন তার কাছ থেকেই। এমনকি ক্লাবটিতে তার নিজের যোগ দেওয়ার ক্ষেত্রেও ছিল রোনালদোরই বড় ভূমিকা!

সম্প্রতি ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাত্কারে ব্রুনো বলেন, ‘ক্লাবে যোগ দেওয়ার সুযোগ যখন এলো আমার কাছে, ব্যাপারটা ছিল দুটো স্বপ্নপূরণের মতো। অবশ্যই আমি রোনালদোর সঙ্গে কথা বলেছিলাম, সে ক্লাবের বেশ প্রশংসাই করেছিল। কিছু দিন আগে যখন কথা বলি, করেছিল তখনও।’

সাবেক ক্লাবের হালহাকিকতও বেশ করেই রাখেন ব্রুনোর পর্তুগাল সতীর্থ রোনালদো। ইউনাইটেড মিডফিল্ডারের ভাষ্য, ‘যখনই তার সঙ্গে আমি কথা বলি, সে আমাকে জিজ্ঞেস করে ম্যানচেস্টার কেমন আছে, সবকিছু ঠিক আছে কি না। সবাই জানে এখানে সে অনেকটা সময় কাটিয়েছে। ক্লাবের জন্য তার ভালোবাসাটা এখনো অম্লান।’

রোনালদো ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অর জিতেছিলেন এখানেই। সে বছর দলকেও জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ব্রুনো মনে করেন, রোনালদো আজকের তারকাদ্যুতিটা ছড়ানো শুরু করেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডেই।

পর্তুগিজ মিডফিল্ডারের কথা, ‘সে ক্লাবটাকে এখনো বেশ পছন্দ করে। এখানেই সে ব্যালন ডি অর প্রথমবারের মতো জিতেছিল, আর তাই এটাই সে ক্লাব যা তাকে পুরো বিশ্বে পরিচিত করিয়েছিল, এটা নিশ্চিত।’