ঘামেও সতর্ক অজিরা

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫৭

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পরই আইসিসি এ নিয়ে নির্দেশনা জারি করেছিল। তারা বলেছিল, করোনার পর বা মধ্যভাগে ক্রিকেট মাঠে ফিরলেও বল চকচকে করার জন্য আর লালা ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে ঘাম। সেই নির্দেশই মানছিল দলগুলো। কিন্তু অস্ট্রেলিয়া আরেকটু সতর্ক। মুখমণ্ডলের ঘামে করোনা ভাইরাস ছড়ানোর সামান্য সম্ভাবনা থাকায় তারা সেটাও নিষিদ্ধ করেছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ইংল্যান্ড সফরে আছে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী দেশটিতে পৌঁছে কোয়ারেন্টাইন কাটাচ্ছে দলটি। এরপর ম্যানচেস্টার ও সাউদাম্পটনে খেলবে তারা। এর মধ্যে আস্তে আস্তে অনুশীলনে ফিরছে অস্ট্রেলিয়ানরা। আর এখানেই শুরু হচ্ছে নতুন আইনের প্রয়োগ।

করোনার মধ্যে ইংল্যান্ডে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও পাকিস্তান। তাদের খেলোয়াড়রা মূলত মুখমণ্ডলের ঘাম ব্যবহার করেছেন বল চকচকে করতে। কিন্তু এখন গবেষকরা বলছেন, মুখমণ্ডলের ঘাম কিছুটা হলেও ঝুঁকি রাখে। তাই শরীরের থেকে ঘাম নেওয়ার কথা বলা হচ্ছে। আজিয়াস বোলে পৌঁছানোর পর অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিশেল স্টার্ক বলেছেন, ‘ইংল্যান্ডে সর্বশেষ আমরা যখন খেলেছিলাম, তার চেয়ে ভিন্ন একটা নির্দেশনা মানতে হবে আমাদের। এখন বলা হয়েছে, মুখ, ঘাড় বা মাথা থেকে ঘাম নেওয়া যাবে না। লালা তো অবশ্যই না।’