নাইজেরিয়ায় এক রাতেই একই এলাকার ৭৫ জন প্রবীণকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারাম। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদুলু এজেন্সি। স্থানীয় সিনেটর জানান, বুধবার এক অনুষ্ঠান চলাকালে বর্নো রাজ্যের মাইদুগুরি এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করে। তিনি বলেন, ঐ এলাকার মানুষ সন্ত্রাসী হামলার কারণে খুবই বিপজ্জনক অবস্থায় আছে। এমনকি একজন সিনেটর হিসেবেও আমি ঐ এলাকায় যেতে পারি না। কারণ এলাকাটি নিরাপদ নয়। তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনী প্রতিদিনই যথাসাধ্য তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু প্রতিদিনই সেখানে মানুষ মারা যাচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। হামলার বিষয়ে নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। সহিংসতার কারণে ঐ এলাকার মানুষ প্রতিনিয়ত ক্ষুধা আর দারিদ্র্যতার সঙ্গে যুদ্ধ করছে। পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে।
