সেতুর পাটাতন খুলে শমশেরনগর-কমলগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২২:০১

মৌলভীবাজারের শমশেরনগর-কমলগঞ্জ সড়কে একটি বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তবে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ ছোট যানবাহন চলছে।

মৌলভীবাজার জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ভারী যানবাহন চলাচলের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়সংলগ্ন এলাকায় অবস্থিত বেইলি সেতুর একটি পাটাতন খুলে যায়। এর পর থেকে ঐ সেতুতে বড় আকারের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেগুলো ১০ কিলোমিটার পথ ঘুরে মুন্সীবাজার হয়ে চলাচল করছে। সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজারের সাইট অ্যাসিসটেন্ট দেবাশীষ দে জানান, শুক্রবার বেইলি সেতুতে নতুন পাটাতন স্থাপন করার পর এ পথে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।