বন্যাদুর্গত এলাকায় দুই মাসে ২৫১ জনের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২২:৩১

এ বছরের বন্যায় দেশের দুর্গত এলাকাগুলোতে ২৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই মারা গেছেন পানিতে ডুবে। বন্যাকবলিত ৩৩ জেলায় ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসনালীর প্রদাহসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৩০১ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই অর্ধেক। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের নিয়ন্ত্রণ কক্ষ ‘প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাজনিত মৃত্যুর’ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

৩০ জুন থেকে ২৭ আগস্ট পর্যন্ত গত দুই মাসের তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বন্যাকবলিত এলাকায় ২৫১ জনের মধ্যে পানিতে ডুবে ২১০ জন, বজ্রপাতে ১৩ জন, সাপের দংশনে ২৫ জন, ডায়রিয়ায় এক জন এবং আঘাতে দুই জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার বন্যায় মৃতের সংখ্যা ৪২ জন। এর মধ্যে দুই জনের বয়স ৬০ বছরের বেশি। বাকিরা সবাই শিশু এবং তাদের মধ্যে এক জন প্রতিবন্ধী।

মৃতের সংখ্যায় এই তারতম্যের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক গণমাধ্যমকে বলেন, সংখ্যা নিয়ে ভুল বোঝাবুঝি রয়েছে। বন্যার পানিতে মৃত্যুর বিষয়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা যে তথ্য পাঠাচ্ছেন সেটাই সঠিক। এখানে বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে মৃত্যু হলে তাদের নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হয়। বন্যা আক্রান্ত এলাকার বাইরে বা ভ্রমণে গিয়ে নৌকাডুবি বা অন্যভাবে দুর্ঘটনার তথ্য এখানে যুক্ত করা হয় না।