ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির রক্ত সঞ্চালন স্বাভাবিক। তার ফুসফুস ও কিডনির সমস্যা রয়েছে। গতকাল শুক্রবার দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার
হাসপাতালের বুলেটিনে বলা হয়, চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখার্জি। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকারিতার চিকিত্সা চলছে তার। গতকাল পর্যন্ত গভীর কোমায় তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল। তিন সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি প্রণব মুখোপাধ্যায়। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ার পর দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেদিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।
