অক্সফোর্ডের ভ্যাকসিন দেশে আনছে দুই কোম্পানি

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২২:৪০

অক্সফোর্ডের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন বাংলাদেশে আনবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিডেট (বিপিএল)। আর এতে সহযোগিতা করছে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উত্পাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। গতকাল শুক্রবার কোম্পানি দুটির পক্ষ থেকে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর ভ্যাকসিন উন্নয়নে এসআইআই-এ বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই বিনিয়োগ অগ্রিম হিসেবে বিবেচিত হবে। ভ্যাকসিনটি যখন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাবে, তখন যেসব দেশ সবার আগে নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে তাদের মধ্যে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করবে এসআইআই। বাংলাদেশ সরকার এবং এসআইআইয়ের মধ্যে সম্মত হওয়ার মূল্যে অগ্রাধিকারমূলক সরবরাহের জন্য চাহিদামাফিক ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হবে সরকারকে। এছাড়া বাংলাদেশের বেসরকারি বাজারের জন্য ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করবে বিপিএল।

বর্তমানে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতে বৃহত্ আকারে অক্সফোর্ড ভ্যাকসিনের (এজেডডি১২২) তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। যুক্তরাজ্যে ট্রায়াল চলমান এবং এ ট্রায়াল থেকে খুবই উত্সাহব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। আশা করা হচ্ছে, ২০২০ সালের শেষ নাগাদ এই ভ্যাকসিন অনুমোদন পাবে। এসআইআই এরই মধ্যে বৈশ্বিক সরবরাহের জন্য এই ভ্যাকসিনের ১০০ কোটিরও বেশি ডোজ উত্পাদনের লক্ষ্যে গেটস ফাউন্ডেশন ও গ্যাভির সঙ্গে অংশীদারিত্বে পৌঁছেছে।

এসআইআইয়ের মালিক ও প্রধান নির্বাহী আদর সি পুনাওয়ালা এবং বিপিএলের প্রিন্সিপাল শায়ান এফ রহমান যৌথ বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত আশাব্যঞ্জক এই ভ্যাকসিন যেসব মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভারত ও বাংলাদেশের দুটি শীর্ষ স্থানীয় ফার্মা কোম্পানিকে একসঙ্গে করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দুই দেশের মধ্যে সহযোগিতার যে গভীর সদিচ্ছা, তারই প্রতিফলন হিসেবে এই চুক্তি মাইলফলক হয়ে থাকবে।