ভোলার তজুমদ্দিন উপজেলার বড় মলংচড়া ইউনিয়নের মেঘনায় জেগে উঠা নতুন চর ভোলা-৩ (তজুমদ্দিন লালমোহন) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের পুত্র রাইয়ান চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে। বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুন্নবী শিকদার বাবুল জানান, ইউনিয়নের আটটি ওয়ার্ড ইতিপূর্বে নদীগর্ভে বিলীন হওয়ায় চরজহির উদ্দিনের সিডারচর নিয়ে ওয়ার্ডগুলো পুনর্বিন্যাস করা হয়। যেখানে নদীভাঙা পরিবারগুলোর পুনর্বাসন করা হয়। বর্তমানে আবার ভাঙনের কবলে পড়ে সিডারচর অংশের জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। চেয়ারম্যান আরো জানান, মেঘনার মলংচড়া অংশে এবার বড় আকারের একটি নতুন চর জেগে উঠেছে। ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে চরটির নাম চর রাইয়ান চৌধুরী নামকরণের মাধ্যমে ভূমিহীন অসহায় পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।
তবে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান জানান, মেঘনায় জেগে উঠা চরের ডিয়ারা জরিপের জন্য জরিপ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। ঐ চরের ম্যাপ হওয়ার পর জেলা কালেক্টরেট চরের নামকরণ করবেন। এমপি পুত্রের নামে নামকরণ করে ফেসবুকে পোস্ট দিয়ে অসত্ উদ্দেশ্যে একটি মহল চাটুকারিতা করছেন বলে তিনি মনে করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি মন্তব্য করেন এ ব্যাপারে এমপি বা এমপি পুত্র কিছুই জানেন না। রাজনৈতিক উচ্ছিষ্টভোগীরা এভাবে চাটুকারিতা করে এমপির কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন মাত্র।
