করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লকডাউনের মধ্যে বেশির ভাগ মানুষ চুল ছাঁটাতে পারেননি। মাত্র কয়েক মাস চুল ছাঁটাতে না পেরে অনেকেই হাঁপিয়ে উঠেছে। তবে ৮০ বছর ধরে চুল না ছাঁটিয়ে দিব্যি রয়েছেন ভিয়েতনামের এক ব্যক্তি। মূলত মৃত্যুর ভয়ে চুল ছাঁটানো বাদ দিয়েছেন তিনি। বর্তমানে তার বয়স ৯২ বছর।
ভিয়েতনামের মিকং ডেল্টা এলাকার বাসিন্দা এনগুয়েন ভ্যান চিয়েন নামের ঐ ব্যক্তির চুলের বর্তমান দৈর্ঘ্য ৫০ মিটার! রয়টার্সকে এনগুয়েন বলেন, আমি বিশ্বাস করি যে, চুল কেটে ফেলার পর মারা যাব। সেই কারণে কখনোই চুল ছাঁটানোর ঝুঁকি নেওয়ার সাহস করিনি।
তিনি বলেন, আমি শুধু চুলের যত্ন নিয়েছি, চুল নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য ঢেকে রাখি। মাঝে মধ্যেই পরিষ্কার রাখি, যেন দেখতে ভালো লাগে। এনগুয়েন বলেন, স্কুলে যাওয়া শুরু করার পর চুল কেটে ফেলার চাপ আসে। কিন্তু পরে আর আমি চুল কাটিনি। আমি মনে করি, চুলের সঙ্গে মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে।—দ্য গার্ডিয়ান

