প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়ন চান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
ইমরান জানিয়েছেন, গত দুই বছর ধরে পাকিস্তান প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নত করছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, এই অঞ্চলের উত্তেজনা কমানোর ক্ষেত্রে পাকিস্তান ভূমিকা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকারে ইমরান খান ইরানের নগর ব্যবস্থাপনা বিশেষ করে রাজধানী তেহরানের উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এ ক্ষেত্রে যে নজির স্থাপন করেছে তাতে লাহোর ও করাচি শহরের জন্য তা মডেল হয়ে উঠতে পারে।
প্রসঙ্গত, ইরান ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনার মধ্যে ইমরান খান গত এপ্রিল মাসে তেহরান সফর করেছিলেন। এ সে সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পক্ষ থেকে তখন দাবি করা হয়, ইরান ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনা কমানোর লক্ষ্য নিয়ে ইমরান খান মধ্যস্থতার ভূমিকায় নেমেছেন। তখন ইমরান খানের সফরকে তেহরান স্বাগত জানায়। সে সময় তিনি সৌদি আরবও সফর করেন।
ইত্তেফাক/এআর
