স্পোর্টস রিপোর্টার
একেবারে শুরু থেকে একক অনুশীলন করে যাচ্ছেন আল আমিন হোসেন। এর আগেও এই ফাস্ট বোলার কোচদের নির্দেশে চালিয়েছেন ফিটনেস ট্রেনিং। এখন অপেক্ষায় আছেন, কোচরা এসে পৌঁছালে পুরোদমে নিজের সেরা ফর্মে ফিরে আসার।
আল আমিন বলছিলেন, কোচিং দলের সবাই চলে এলে তাদের অনুশীলনটা আরো কার্যকর হয়ে উঠবে, ‘পরের সপ্তাহে আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা আমাদের মধ্যে চলে আসবে। তো সামনে থেকে আমরা আশা করতেছি আরো ভালো অনুশীলন সুযোগ সুবিধা পাব। এবং আরো ভালোভাবে নিজেদেরকে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করতে পারব।’ এই ফাস্ট বোলার বলছিলেন, তারা এখন আরো ভালোভাবে অনুশীলন শুরুর অপেক্ষায়, ‘আমরা শেষ দুই সপ্তাহ একক অনুশীলন করেছি। এই সপ্তাহে আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি। এ জন্য আসলে একটি স্বস্তি লাগছে নিজেদের ভেতরে। কারণ এতদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি। আর এতদিন আমরা ভার্চুয়ালি যেমন কোচদের মিটিং বা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিল সেভাবে চলতেছিলাম। কিন্তু এখন মাঠে অনুশীলনটা পুরোদমে শুরু হয়েছে। তো সামনের সপ্তাহে হয়তো আরো পুরোদমে শুরু হবে। সবকিছু মিলিয়ে সামনে যে শ্রীলঙ্কা সিরিজ আসতেছে সে জন্য ভালো প্রস্তুতি হচ্ছে।’
