জকোভিচের সামনে সহজ পথ
স্পোর্টস ডেস্ক
আগামীকাল সোমবার শুরু হতে যাওয়া ইউএস ওপেনের বহু আগেই নানা কারণে ঝরে গেছেন অনেক টেনিস তারকা। এরপরও সেরেনা উইলিয়ামস আছেন, যাকে হাতছানি দিচ্ছে রেকর্ড ২৪তম গ্র্যান্ডস্লামজয়ের স্বপ্ন। সাম্প্রতিক ফরম আর প্রতিযোগিতার সূচি বলছে, কাজটা মোটেও সহজ হবে না আমেরিকান এই খেলোয়াড়ের। একই কারণে ১৮তম গ্র্যান্ডস্ল্যামটি জিতে টুর্নামেন্টে অনুপস্থিত রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের সঙ্গে ব্যবধান কমাতে চান নোভাক জকোভিচ।
সেরেনার বয়স ৩৯ হবে আগামী মাসেই। এ বয়সে আর সবাই যখন টেনিস র্যাকেট তুলে রাখেন, সে বয়সেও দিব্যি খেলে যাচ্ছেন ২৩ গ্র্যান্ড স্ল্যাম তারকা। ছুটছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের নারী এককের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডটি ভেঙে দিতে। কিন্তু বয়সটাই এখন তার জয়ের পথে প্রধান অন্তরায়। সেরেনা করোনাসৃষ্ট পাঁচ মাসের বিরতি শেষে টেনিস কোর্টে ফিরেছেন গেল মাসে। এর পর থেকেই যেন দম ফেলার ফুরসত নেই তার। সপ্তাহে কমপক্ষে দুটো ম্যাচ খেলেছেন, যা গিয়ে শেষ হয়েছে তৃতীয় সেটে।
এ বয়সে এসে এমন পরিশ্রম যে সামলাতে পারছেন না সেটা অকপটেই মেনে নিয়েছেন সেরেনা। তিনি বলেন, ‘যেভাবে আমি খেলি সেটা কঠিন হয়ে পড়ছে, ইতিবাচক থাকাটাও। আর প্রতি সপ্তাহে ৯ ঘণ্টা করে খেলাটাও বেশি হয়ে যাচ্ছে। এভাবে সাধারণত খেলি না আমি, এটা আমার জন্য নতুন।’
টুর্নামেন্ট থেকে নতুন দিনের তারকারা নাম তুলে নিলেও পথটা মোটেও সহজ নয় সেরেনার। শেষ ৩২ এ দেখা হয়ে যেতে পারে স্বদেশি স্লোয়ানে স্টিফেন্সের সঙ্গে। সে বাধা উতরে গেলে পরের রাউন্ডেই মুখোমুখি হতে পারেন মারিয়া সাক্কারির, যার কাছে সিনসিনাটি ওপেনের শেষ ষোলোয় হেরেছিলেন তিনি।
এরপর কোকু গাফ, নাওমি ওসাকারা থাকবেন তার অপেক্ষায়। সাম্প্রতিক ফর্ম, পড়তি বয়স আর কঠিন ড্র মিলিয়ে পথটা আপাতত কঠিনই মনে হচ্ছে সেরেনার জন্যে।
পুরুষ এককে নোভাক জকোভিচের পথটা তুলনামূলক সহজ। করোনা শঙ্কায় রাফায়েল নাদাল নিজেকে সরিয়ে নিয়েছেন, আর হাঁটুর চোট বহু আগেই ছিটকে দিয়েছে ফেদেরারকে। ফলে রাস্তাটা ফাঁকাই ছিল ‘জোকারে’র। আরো ফাঁকা হয়েছে ড্রয়ের পর। জকোভিচের বিপরীত অর্ধে পড়েছেন শেষ ইউএস ওপেনের তিন সেমিফাইনালিস্ট দানিল মেদভেদেভ, মাতেও বেরাত্তিনি আর গ্রিগর দিমিত্রভ। সঙ্গে আছেন আরেক উদীয়মান আন্দ্রেই রুবলেভও। ফলে অঘটন না ঘটলে অপর অর্ধে থাকা জকোভিচের যাত্রাটা সেমিফাইনালের আগে শেষ হচ্ছে না, আপাতত মনে হচ্ছে তেমনটাই।
