অবশেষে শুরু ট্যুর ডি ফ্রান্স

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৩২

করোনার মহামারির বাধা পেরিয়ে দুই মাস পর সাইক্লিংয়ের সবচেয়ে বড় আসর ট্যুর ডি ফ্রান্সের ১০৭তম আসর গতকাল শনিবার শুরু হলো। ২৭ জুলাই এটি শুরু হওয়ার কথা থাকলেও করোনা আতঙ্কে ঐ সময়ে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ছিল ফ্রান্সে। তাই ২১ পর্বে বিভক্ত ৩ হাজার ৪৮৪ কিলোমিটারের টুর্নামেন্টটিও স্থগিত হয়ে যায়। আশঙ্কা ছিল—বাতিল হতে পারে আসরটি। শেষ পর্যন্ত তিন সপ্তাহের আসরটি শুরু হলো। এতে অংশ নিচ্ছেন ২২ দলে ১৭৬ সাইক্লিস্ট। কয়েক জন বড় তারকা না থাকলেও আছেন গতবারের জয়ী প্রথম ল্যাটিন আমেরিকান কলম্বীয় সাইক্লিস্ট ইগান বের্নাল। এখন দেখার বিষয়, তিনি তার শিরোপাটি ধরে রাখতে পারেন কি না। না থিবো পিনো ১৯৮৫ সালের পর প্রথম ফরাসি হিসেবে আবার ট্রফি উঁচিয়ে ধরেন।