বৃষ্টির জয়যাত্রা অব্যাহত ইংল্যান্ডে

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৩৩

আজ দ্বিতীয় টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক

টেস্টের মতো টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হলো বৃষ্টির দাপট দিয়ে। ম্যানচেস্টারে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। খেলা হয়েছে মোটে ১৬.১ ওভার। আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

ম্যাচটি পরিত্যক্ত হবার আগে ব্যাট হাতে ঝড় তুলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান টম ব্যাটন। ২১ বছর বয়সি ব্যাটন ৪২ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৭১ রান করেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। ব্যাটনের সঙ্গে তাল মেলাতে পারেননি ইংল্যান্ডের অন্য ব্যাটসম্যানরা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ডেভিড মালান। ১৪ রান করেন অধিনায়ক ইয়ন মরগ্যান। বৃষ্টি নামার আগে ইংল্যান্ড ছয় উইকেটে ১৩১ রান করতে পারে ইংল্যান্ড। বল হাতে পাকিস্তানের দুই স্পিনার ইমাদ ওয়াসিম ও শাদাব খান দুটি করে উইকেট নেন।