রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার এক মুখপাত্র। গত ২০ আগস্ট সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে বিমানের ভেতরেই এ রাজনীতিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। নাভালনিকে হাসপাতালে নিতে বিমানটি সাইবেরিয়ার তমস্কে জরুরি অবতরণ করে।
তমস্কে বিমানে ওঠার আগেই ক্রেমলিনের কট্টর সমালোচক নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা তার সমর্থকদের। বিমানবন্দরে পুতিনবিরোধী এ নেতা ‘চা পান করার আগেই তার পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল’ বলে সন্দেহ তাদের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার চিকিত্সকরা নাভালনির দেহে ‘বিষক্রিয়ার’ কোনো প্রমাণ না পেলেও পরে উন্নত চিকিত্সার জন্য তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার জার্মান হাসপাতাল কর্তৃপক্ষ নাভালনির অবস্থা স্থিতিশীল বলে জানায়। ‘তিনি এখনো কোমায়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে,’ বলে বার্লিনের শ্যারিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। একই দিন নাভালনির মুখপাত্রও তার অবস্থার উন্নতি হচ্ছে এবং তার প্রাণ নিয়ে সংশয় নেই বলে জানান।
৪৪ বছর বয়সি এ রাজনীতিকের ‘বিষক্রিয়া’ রহস্যের তদন্ত চলছে বলে জানিয়েছে রুশ পুলিশ। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবেরিয়া শাখা গত সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে সাইবেরিয়ার তদন্তকারীরাও ঘটনাটি আগাগোড়া খতিয়ে দেখছেন বলে জানিয়েছে।
