আফগানিস্তানে অভিযানে ৪৪ তালেবান জঙ্গি নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৩৯

সিনহুয়া

আফগানিস্তানের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গত কয়েক দিনের অভিযানে কমপক্ষে ৪৪ তালেবান জঙ্গি নিহত হয়েছে। গতকাল আফগান সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কুন্দুজ প্রদেশে অভিযানে ঐ তালেবান সদস্যরা নিহত হয়। এতে আরো বলা হয়, সংঘাতপূর্ণ ইমাম সাহিব এলাকায় যুদ্ধবিমানের সাহায্যে চালানো এ অভিযানে নিহতদের মধ্যে কারি আব্দুল্লাহ ওরফে হিজরান, মোল্লাহ খায়রুল্লাহ ওরফে কারি আহমেদ এবং কারি হাফিজ নামে পরিচিত সশস্ত্র গ্রুপের স্থানীয় তিন কমান্ডার ছিল। সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার জেনারেল আদম খান মতিনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, সেখানে অভিযান চলাকালে আরো ৩৭ জঙ্গি আহত হয়। তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তরে কুন্দুজ প্রদেশটিকে তালেবান জঙ্গিদের ঘাঁটি বলে বিবেচনা করা হয়। এ কারণেই গত কয়েক দিনে সেনাবাহিনীর পক্ষ থেকে ঝটিকা অভিযান চালানো হয়। দেশটিতে এমন এক সময়ে অভিযানটি পরিচালিত হলো যখন শান্তি আলোচনার বিষয়টি অনেক দূর পর্যন্ত এগিয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৪০০ তালেবানকে মুক্তি দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮০ জন তালেবান বন্দিকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এসব বন্দিকে দুনিয়ার বিপজ্জনক বলে অভিহিত করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে এ বছরের ফেব্রুয়ারিতে শান্তির রোডম্যাপে সম্মত হয় তালেবান ও যুক্তরাষ্ট্র। কাতারে অনুষ্ঠিত সংলাপে উভয়পক্ষ বাধ্যতামূলক নয় এমন চুক্তিতে স্বাক্ষর করে। এতে বেসামরিক হতাহত বন্ধ এবং ইসলামি কাঠামোর মধ্যে নারী অধিকার সুরক্ষায় সম্মত হয় দুই পক্ষ। শান্তি প্রক্রিয়া চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের সঙ্গেও তালেবানদের আলোচনার শর্ত রাখা হয়। তবে এই আলোচনার আগে আত্মবিশ্বাস তৈরির উদ্দেশে বন্দি বিনিময়ের শর্ত দেয় উভয়পক্ষ।