মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি এলাকার কৃষকরা। নিচু এলাকা থেকে বন্যার পানি এখনো নামেনি। তবে পাহাড়ি এলাকায় উঁচু জমিতে বন্যার পানি না ওঠায় ঐসব এলাকার চাষিরা উন্নত মানের দেশীয় প্রজাতির রোপা আমন ও উন্নত প্রযুক্তির ব্রি-৭০ জাতের ধান রোপণ করছেন বলে জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, কৃষকদের সহযোগিতার জন্য গোড়াই, বাঁশতৈল, আজগানা, তরফপুর ও লতিফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বীজতলা তৈরি করা হয়েছে। এখান থেকে কৃষকদের বিনা মূল্যে বীজ বিতরণ করা হচ্ছে। ঐ ইউনিয়নসহ ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা রোপা ও বোনা আমন ধান আবাদে ব্যস্ত রয়েছেন। তবে বন্যার পানির কারণে পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া ও বহুরিয়া ইউনিয়নের কৃষকরা রোপা আমন বপন করতে পারছেন না। এসব এলাকায় বোনা আমন হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকা গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নে বেশি পরিমাণ জমিতে রোপা আমনের চাষ হচ্ছে। তিনি বলেন, চলতি মৌসুমে মির্জাপুরের পাহাড়ি এলাকায় ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন হচ্ছে। ব্রি-৭০ জাতের রোপা আমনের প্রতি কৃষকরা বেশি আগ্রহ নিয়ে রোপণ করছেন।
