বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে শনিবার ভোরে ৯.২ কেজি ওজনের ৫৭টি স্বর্ণের বারসহ একজন নারী চোরাচালানীকে আটক করেছে বিজিবি। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক মো. নুরুল ইসলামের নেতৃত্বে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর সীমান্তের প্রাইমারি স্কুলের সামনে পাকা রাস্তার ওপর হতে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে ৯.২ কেজি ওজনের ৫৭টি স্বর্ণের বারসহ একজন নারী চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত মোছা. বানেছা খাতুন সাদীপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য পাঁচ কোটি সত্তর লাখ চল্লিশ হাজার টাকা। স্বর্ণের বার ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
