গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সোবহান মৃধার বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল শনিবার দিনভর অভিযান চালিয়ে মাটির নিচ থেকে একটি দই রাখার পাত্র থেকে লাল টেপ মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করেছে। পরবর্তী সময় নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দলকে জানানো হয়। সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার্স টেকনিশিয়ান বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল ক্যাপ্টেন শাতিল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালায়। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, ককটেল উদ্ধারের বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
