মধুমতী নদীতে ট্রলার থেকে পড়ে ছেলেসহ পুলিশ সদস্য নিখোঁজ

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৭

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ায় মধুমতী নদীতে নৌকা ভ্রমণ করতে গিয়ে কালনাঘাট এলাকায় ট্রলার থেকে পড়ে পুলিশ সদস্য ও তার শিশুপুত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই জন হলেন—পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান (৩০) ও তার শিশুপুত্র আনাস (৬ মাস)। আবু মুসা পুলিশ সদর দপ্তরে কর্মরত রয়েছেন। তিনি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আজাদ মোল্লার ছেলে। লোহাগড়া ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক মাসুদ রানা জানান, শনিবার ভোর থেকে নৌবাহিনীর খুলনা অঞ্চলের সাত সদস্যের ডুবুরি দল ও বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ বাবা ও ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।