নাটোরে চাষিদের সুগার মিল অবরোধের ঘোষণা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৮

নাটোর প্রতিনিধি

চরম অর্থ সংকটে সময় পার করছে নাটোর সুগার মিলস। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে আখ চাষিদের সব পাওনা পরিশোধ না হলে মিলের আটটি সাবজোনে তালা লাগিয়ে মিল অবরোধের ঘোষণা দিয়েছে চাষিরা।

আখ চাষি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. মোসলেম উদ্দিন বলেন, দীর্ঘদিন থেকে নাটোর সুগার মিল কর্তৃপক্ষ চাষিদের পাওনা পৌনে ১১ কোটি টাকা পরিশোধ করছে না। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে পাওনা আখের মূল্য না পেলে মিলের আটটি সাবজোনে তালা লাগিয়ে দিয়ে চাষিরা মিল অবরোধ করে জনসমাবেশ করবে। মিলের সিবিএ সভাপতি ফিরোজ আলী বলেছেন, গত এপ্রিল মাসের পর থেকে বেতন ভাতা পাচ্ছে না মিলে কর্মরতরা। এই করোনাকালে মিলের শ্রমিক কর্মকর্তা-কর্মচারী খুবই সংকটে রয়েছে। কেউ অবসরে গেলেও টাকা না দিয়ে সমমূল্যের চিনি নিতে বলা হচ্ছে যা খুবই কষ্টকর।

নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম আখ চাষি পাওনা, অবসর ভাতা না পাওয়াসহ এসব বিষয়ের সত্যতা স্বীকার করলেও বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান সনত্ কুমার সাহা এসব বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন।