ইত্তেফাক রিপোর্ট
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (লাইফ) ড. এম মোশাররফ হোসেনকে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। পরবর্তী চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বুধবার তাকে এ দায়িত্ব দেয়। এর আগে আইডিআরএর চেয়ারম্যান ছিলেন সাবেক সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী। গত ২০ আগস্ট তার শেষ কার্যদিবস ছিল। আগে থেকেই তিনি পুনর্নিয়োগ পাওয়ার জন্য লবিং করলেও তাতে সাড়া দেয়নি অর্থমন্ত্রণালয়। আইডিআরএর চেয়ারম্যান হিসেবে কে নিয়োগ পাবেন তা জানার জন্য আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে। ২০১৮ সালের ৪ মে ড. এম মোশাররফ হোসেনকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ড. এম মোশাররফ দুটি জীবন বিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনভেস্টমেন্ট অব ইন্স্যুরেন্স’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
