বরিশাল অফিস
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতায় উপকূলীয় এলাকায় ৩ হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে ১৩৯টি পোল্ডার নির্মাণের কাজ চলছে। প্রথম পর্যায়ে ১০টি পোল্ডার নির্মাণের কাজ শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার বরিশাল সদর উপজেলার চরবারিয়ার লামছড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে মোট ৩৯টি এবং পর্যায়ক্রমে বাকি পোল্ডারগুলো নির্মাণ করা হলে এই এলাকায় বন্যা বা জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি কমে আসবে এবং উপকূলীয় এলাকার মানুষ উপকৃত হবে। বৃক্ষরোপণ শেষে প্রতিমন্ত্রীর সেখানে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ এবং জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ অন্যরা। পরে নগরীর পলাশপুর এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।
