ডায়ানার স্মৃতি রক্ষায় রাজপ্রাসাদে মূর্তি

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২২:৪৩

যুবরাজ চার্লসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যুক্তরাজ্যের যুবরাজ্ঞী হন প্রিন্সেস ডায়ানা। বিবাহ বিচ্ছেদ পর্যন্ত তাকে সম্বোধন করা হতো রয়্যাল হাইনেস দি প্রিন্সেস অব ওয়েলস বলে। এরপরে রানি দ্বিতীয় এলিজাবেথের আদেশক্রমে তাকে প্রিন্সেস অব ওয়েলস বলে সম্বোধনের অনুমতি দেওয়া হয়। ১৯৯৭ সালের ৩১ ডিসেম্বর ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানার। তিনি যখন মারা যান তখন তার দুই ছেলে বালক ছিল। সেই দুই ছেলে প্রিন্স উইলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ এবং প্রিন্স হ্যারি, ডিউক অব সাসেক্স মায়ের সেই স্মৃতিকে ব্রিটিশ রাজপরিবারে ধরে রাখার জন্য রাজপ্রাসাদের বাগানে প্রিন্সেস ডায়ানার মূর্তি স্থাপনের ঘোষণা দিয়েছেন। মৃত্যুর আগে এই প্রাসাদেই বসবাস করতেন তিনি।

আগামী বছর মায়ের ৬০তম জন্মবার্ষিকীতে কেনসিনটন রাজপ্রাসাদের বাগানে তার মূর্তি স্থাপন করতে চান তারা। দুই ভাই প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এক যৌথ বিবৃতিতে মায়ের মূর্তি স্থাপনের ঘোষণা দেন। মায়ের ২৩তম মৃত্যুবার্ষিকীর দুই দিন আগে বিরল এই বিবৃতিতে বলা হয়, এই মূর্তি প্রাসাদ পরিদর্শনে আসা দর্শণার্থীদের কাছে তাদের মায়ের জীবন ও উত্তরাধিকারকে প্রতিফলিত করবে।

২০১৭ সালে প্রিন্সেস ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকীতে প্রথম তার মূর্তি স্থাপনের ঘোষণা দেওয়া হয়। নির্মাণকাজ শুরু হলেও করোনা ভাইরাসের মহামারিতে তা বিলম্বিত হয়। ফলে সেটি উন্মোচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১ জুলাই। নির্মাণ শুরুর সময়ই রাজপ্রাসাদের সূত্র জানায়, প্রিন্স হ্যারি ও উইলিয়াম এমন কিছু একটা করতে চান যা দীর্ঘকাল টিকে থাকবে। মা প্রিন্সেস ডায়ানা যখন মারা যান তখন প্রিন্স উইলিয়াম ও হ্যারি ছিলেন বালক। কিন্তু বর্তমানে প্রাপ্তবয়স্ক এই দুই রাজপুত্র মাকে সম্মান জানানোর সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। ঐ মূর্তি স্থাপনের জন্য গঠন করা হয় একটি বিশেষ কমিটি। এতে দুই ভাইয়ের সঙ্গে ছিলেন ডায়ানার বোন লেডি সারাহ ম্যাককোরকুয়োডোল। এছাড়া অপর তিন জনকেও এই কমিটিতে রাখা হয়। মূর্তি স্থাপনের পক্ষে মত রয়েছে রানি এলিজাবেথেরও।-দ্য এক্সপ্রেস