কুষ্টিয়ায় এমপির ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২২:৪৮

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বরাতিপাড়া এলাকায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে স্থানীয় বাজারে যাওয়ার সময় হাসিনুর রহমান সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরাতিপাড়া গ্রামের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তার ওপর ধারালো হাঁসুয়া দিয়ে উপর্যুপরি আঘাত করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলের চালক জব্বার সামান্য আহত হন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে এলাকাবাসীর ঢল নামে। নিহত হাসিনুর রহমানের বাড়ি দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে। পুলিশ এখনো হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন করতে পারেনি। তবে পূর্বশত্রুতা কিংবা কোনো বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চা-বিক্রেতা মজিবর বরাতি (৫৮) ও তার ভাতিজা সম্রাট বরাতিকে (২৫) আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, হাসিনুর রহমান এলাকায় এমপি সাহেবের প্রতিনিধি হিসাবে কাজ করতেন। তারা আরো জানায়, এক বছর আগে মজিবরের ছেলে আনোয়ার খুন হয়। ছেলে খুনের বিচার না পাওয়ার ক্ষোভ থেকে সে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন।