সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান এবং ঐ কাজের ঠিকাদারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে শনিবার আটক করেছে পুলিশ।
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মাণ করছেন। শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির সাইট ম্যানেজার ইয়াছিনের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা। এ সময় প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার এগিয়ে গেলে ছানা তাকে বেদম মারপিট করেন। পুলিশ খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ঐ ছাত্রলীগ নেতাকে আটক করে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে সাঁথিয়া বাইপাস সড়কে কাজ করছিল কিছু শ্রমিক। এ সময় হাসিবুল খান ছানা তার দলবলসহ এসে শ্রমিকদের বেধড়ক মারপিট করে। ছাত্রলীগ নেতা ছানা তাদের ১০ লাখ টাকা না দিলে কাজ করা যাবে না বলে শ্রমিকদের গালিগালাজ করতে থাকেন। পরে কয়েকজন শ্রমিক জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মেহেদী হাসানকে বিষয়টি অবহিত করলে তিনি ৯৯৯ এ ফোন করার পরামর্শ দেন। পরে তারা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ছানাকে আটক করে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মেহেদী হাসান বলেন, ছানা সাঁথিয়ায় ছাত্রলীগের মানসম্মান ধূলিসাত্ করে দিয়েছে। ছানার মাস্তানি আচরণ আর গুন্ডামিতে অতিষ্ঠ পুরো এলাকাবাসী।
এ ঘটনায় এমএম বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
