যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাম গণবিক্ষোভকারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে তার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ ও লুটেরা’ বলে আখ্যায়িত করেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়ে ইভাঙ্কাকে কমলা হ্যারিসের চেয়ে প্রেসিডেন্ট পদে যোগ্য বলে উল্লেখ করেছেন। এদিকে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যা করা পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে হত্যা মামলা বাতিলের দাবি জানিয়েছেন। খবর সিএনএন ও আলজাজিরার
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এক প্রচারাভিযানে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেন যে, দেশে বর্ণবিদ্বেষী ঘটনা বাড়ছে। তবে এজন্য তিনি কিছু নিউজ চ্যানেলকে দায়ী করেন। ট্রাম্প নিজের জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত বলে জানান। ট্রাম্প বলেন, আমরা এখন আমেরিকার জনগণ এবং বাম বিক্ষোভকারীদের মধ্যে আছি। তাই গণতন্ত্রকে এদের হাত থেকে রক্ষা করতে খুবই দরিদ্র প্রার্থীকে পরাজিত করতে হবে। তিনি বৃহস্পতিবার রাতে তার সম্মেলনের বাইরে বিক্ষোভের নিন্দা জানান। তিনি বলেন, ঐ বিক্ষোভে সিনেটর র্যান্ড পলের ওপর হামলা হয়েছে। তিনি তো মারা যেতে পারতেন। তিনি ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের কড়া সমালোচনা করে বলেন, আমিও চাই কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হোন। কিন্তু তিনি (কমলা) যেভাবে প্রেসিডেন্সিয়াল পদ পাওয়ার জন্য এগোচ্ছিলেন, সেভাবে কোনো নারীকে দেখতে চাই না আমি। তিনি একেবারেই যোগ্য নন। এরপর সমর্থকরা ইভাঙ্কা ট্রাম্পের কথা বললে ট্রাম্প বলেন, কমলার চেয়ে ইভাঙ্কা অনেক বেশি যোগ্য।
হত্যা মামলা প্রত্যাহার দাবি হত্যাকারীর!
উইসকনসিনে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি মার্কিন মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিংয়ের ‘আমার একটি স্বপ্ন আছে’ শীর্ষক ভাষণের ৫৭তম বার্ষিকী উপলক্ষ্যে ওয়াশিংটনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। তারা বর্ণবাদবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের এক নেতা বলেন, আপনি স্বপ্ন দেখা মানুষটিকে হত্যা করতে পারেন, কিন্তু স্বপ্নকে নয়। এদিকে জর্জ ফ্লয়েডকে গুলি করে হত্যা করা পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন তার বিরুদ্ধে চলা হত্যা মামলা বাতিল করতে বিচারকের প্রতি আহ্বান জানিয়েছেন। আর গত সপ্তাহে বিক্ষোভে গুলি করে দুই জনকে হত্যা করা ১৭ বছরের কিশোর আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন বলে দাবি করেছেন ঐ কিশোরের আইনজীবী।
