দেশে করোনা ভাইরাস সংক্রমণ এখন নিম্নমুখী। এক দিনের ব্যবধানে আক্রান্ত ও মৃতের সংখ্যাও কমেছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৩১ জন। আগের দিন শুক্রবার করোনা ভাইরাসে মারা যান ৪৭ জন ও সংক্রমিত হন ২ হাজার ২১১ জন। গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ১৩১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন হলো। গত এক দিনে মারা যাওয়া ৩২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ২০৬ জনে দাঁড়াল। আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ২৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, গত বুধবার তা ৩ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৫ আগস্ট সেই সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।
