শিক্ষা মন্ত্রণালয়ের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে এইচএসসি ও সমমানের পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করা হচ্ছে। আর এতে বিভ্রান্ত হচ্ছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এ বিষয়ে সতর্ক থাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ (www.face book.com/moebdgov) ঠিকানা থেকে তথ্য যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানিয়ে বলা হয়, স্বাস্থ্যঝুঁকি থাকায় কখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে—সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো। পরীক্ষা নেবার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হবে। ভুয়া কোনো পেজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হলো।
প্রসঙ্গত, মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড নামের ঐ ভুয়া পেজে লেখা আছে, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর।’ যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত।
