মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী দেবে বিএনপি। গতকাল দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু (পাবনা-৪), শ্রমিক নেতা ইসরাফিল আলম (নওগাঁ-৬) ও হাবিবুর রহমান মোল্লার (ঢাকা-৫) মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।
এরই মধ্যে পাবনা-৪ আসনের উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ ৩০ আগস্ট রবিবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে (সকাল ১০টা থেকে বিকাল ৫টা) উক্ত আসনের দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আগামী ৩১ আগস্ট সোমবার বেলা ২টার মধ্যে উক্ত ফরম জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীগণকে উক্ত সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, ঐদিনই অর্থাত্ ৩১ আগস্ট সোমবার বিকাল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।
