বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, করোনাকালে বাড়ানো বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগামী ১ সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় গণপরিবহন চলাচল করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএ যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত পোষণ করছি। গতকাল শনিবার একথা জানিয়েছেন পরিবহন মালিক সমিতির এ শীর্ষ নেতা।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে পরিবহনসংশ্লিষ্টদের মালিক সমিতির পক্ষ থেকে নির্দেশনা দিয়েছি। সেই নির্দেশনা অনুযায়ী পূর্বের ভাড়ায় চলবে। পুরো আসনে যাত্রী নেওয়া যাবে। ফলে আমাদের কোনো আপত্তি নেই।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালু করার অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়।
