১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে পুরো বাঙালি জাতিকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলে ষড়যন্ত্রকারীদের সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা হতে যাচ্ছে। তবে ষড়যন্ত্র এখনো থেমে নেই।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত শোক দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ‘জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদের স্মৃতি নিয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল’ শীর্ষক ঐ আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ বক্তব্য দেন। এ সময় শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু চেয়েছেন এদেশের মানুষ উদ্যোক্তা হবে। এজন্য তিনি দেশ স্বাধীনের পর দ্রুত বিসিক গঠন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানে বিশ্বাস করতেন না। এজন্য তিনি সর্ব পাকিস্তানের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হননি।
তোফায়েল আহমেদ বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। একটা গোষ্ঠী চেয়েছে বাংলাদেশ হবে অনুন্নত দেশের মডেল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ উন্নয়নের মডেল হয়েছে। দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা হতে যাচ্ছে।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ছাড়াও এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ কাশেম, মীর নাসির হোসেন, এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন, আবদুল মাতলুব আহমদ, সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
