মহত্ বন্ধু

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০০:৩৬

মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার পদত্যাগে বিশ্ব নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তারা আবেকে মহত্ বন্ধু বলে আখ্যায়িত করেছেন। খবর আলজাজিরার

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিনজো আবেকে সবচেয়ে ভালো বন্ধু উল্লেখ করে বলেন, ‘আমি তাকে সর্বোচ্চ সম্মান জানাই। তিনি তার দেশকে খুব ভালোবাসেন। আমি তাকে জাপানিজদের নেতা বলার পরিকল্পনা করেছিলাম।’ চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক সঠিক পথে ছিল। তিনি শিনজো আবের ভবিষ্যতের জন্য মঙ্গল এবং তার আরোগ্য কামনা করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আবের সময় দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তিনি তার দেশ এবং বিশ্বের জন্য অনেক ভালো কিছু অর্জন করেছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আবের এই পদত্যাগে দুঃখ প্রকাশ করেন। এছাড়া রাশিয়া, তাইওয়ান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ারা নেতারা শিনজো আবের পদত্যাগে দুঃখ প্রকাশ করেন এবং তার সুস্থতা কামনা করেন। শুক্রবার ৬৫ বছর বয়সি আবে জানান, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিত্সা চালিয়ে যেতে হবে। তাই তিনি পদত্যাগ করছেন।