যুক্তরাষ্ট্রের একটি বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে রাশিয়ার দুটি জঙ্গিবিমান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন বিমান বাহিনী।
ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ২৮ আগস্ট কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার আকাশে মার্কিন বি-৫২ বোমারু বিমানের গতিপথ আটকে দেয় রাশিয়ার দুটি এসইউ-২৭ যুদ্ধবিমান। এ সময় মার্কিন বোমারু বিমানটি নিয়মিত উড্ডয়নে ছিল।
বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় বি-৫২ বিমানটির ১০০ ফিট দূরে চলে এসেছিলেন। যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ ঘটায়।
ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেফ হ্যারিজিয়ানের বরাত দিয়ে বলা হয়, এ ধরনের আচরণ মধ্য আকাশে সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দেয়।
সাম্প্রতিক সময়ে ইউরোপে মার্কিন সেনা কমানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প পেন্টাগনকে জার্মানিতে মার্কিন সেনার সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছিলেন। তাদের অনেককেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। সূত্র: সিএনএন
ইত্তেফাক/জেডএইচ
